২০ নভেম্বর ২০১৮


দক্ষিণ সুরমায় আমন ধানের বাম্পার ফলন

শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের ঘরে ঘরে বইছে আনন্দের ঢেউ। উপজেলার ১০টি ইউনিয়নে এবার ব্যাপক রোপা আমন ফলন হয়েছে। পাকা ধানের মৌ মৌ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে চিরাচরিত নিয়ম অনুযায়ী কৃষকরা আমন ধান কাটতে শুরু করেছেন।

কৃষকদের ঘরে ঘরে নবান্নের উৎসব শুরু হয়েছে। নতুন ধানের পিঠা তৈরি করছেন কৃষাণীরা। অনেকে নতুন ধানের চাল দিয়ে পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনসহ গরিব-দুঃখীদের খাওয়াচ্ছেন। কৃষকরা ধান কেটে গোলাঘরে তুলতে কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম ক্রয় করছেন। অনেকে ধান শুকানোর জন্য মাঠ তৈরি করছেন। গত কয়েকদিনে প্রায় ২০ ভাগ ধান কাটা শেষ হয়েছে।

আগামী এক মাসের মধ্যে পুরোদমে ধান কাটা শেষ হবে। তবে এবার জাতীয় নির্বাচন থাকায় শ্রমিক সংকট দেখা দিতে পারে বলে কৃষকরা আশঙ্কা করছেন। এ বছর দক্ষিণ সুরমায় ২২,১৩০ একর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ২২,১৫৫ একর জমি। ধারণা করা হচ্ছে, এবার ৩৪,০৮৬ মেট্রিকটন ধান উৎপন্ন হবে। বাম্পার ফলন হওয়ায় প্রতি হেক্টরে গড়ে ৩৮০০ কেজি চাল উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, গত বছর থেকে এবার ১০,৬০০ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। ২০ ভাগ ধান পেকে গেছে। পুরো অগ্রহায়ণ মাস জুড়ে সেই পাকা ধান কাটার ধুম পড়বে। দক্ষিণ সুরমার অধিকাংশ কৃষক আমন ধানের উপর নির্ভরশীল। সরকারি সুযোগ-সুবিধা পাবার কারণে কৃষকরা উৎসাহিত হয়ে অনাবাদি জমিতে ধান চাষ করেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের চাষ হয়েছে। এছাড়াও প্রকৃতি অনুকূলে থাকায় এবং সঠিকভাবে ধানের পরিচর্যা করায় আমনের বাম্পার ফলন হয়েছে।

শেয়ার করুন