২০ নভেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : প্রবাসীবহুল অঞ্চল সিলেট। এখানকার অর্থনীতি, সংস্কৃতির মতো রাজনীতিরও অনেকটাই নিয়ন্ত্রণ করেন প্রবাসীরা। নির্বাচন এলে সেই প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে। এখানকার প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অন্যতম যোগানদাতা এই প্রবাসীরা।
তবে এখন আর কেবল স্বজন-শুভাকাঙ্ক্ষীদের অর্থ সহায়তা দিয়েই ক্ষান্ত নন প্রবাসীরা, নিজেরাই এখন প্রার্থী হচ্ছেন নির্বাচনে। আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী প্রার্থীদের আধিক্য থাকলেও ইদানীংকালে জাতীয় নির্বাচনেও আগ্রহী হয়ে ওঠেছেন তারা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসন থেকে এক ডজন প্রবাসী প্রার্থী দলীয় মনোনয়ন পেতে মাঠে তৎপর রয়েছেন।
মনোনয়ন দৌড়ে থাকা এসব প্রবাসীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা। বিএনপিরও আছেন কয়েকজন।
দশম সংসদ নির্বাচনেও সিলেটের ছয়টি আসনের মধ্যে দুটি আসন থেকে প্রবাসী প্রার্থীরা সাংসদ নির্বাচিত হন। সিলেট-২ আসন থেকে ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট-৫ আসন থেকে সেলিম উদ্দিন বিএনপিবিহীন গত নির্বাচনেই প্রথম সাংসদ নির্বাচিত হন। যুক্তরাজ্য প্রবাসী এই দুই সাংসদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা।
এবারও এই দু’জন জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। এ দু’জন ছাড়া এবার মনোনয়ন পেতে মাঠে তৎপর রয়েছেন আরও কয়েকজন প্রবাসী। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ) আসনের মনোনয়ন চান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এই আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও যুক্তরাজ্য প্রবাসী। তিনি এবারও এই আসনে দলের মনোনয়ন চান। তবে পরিবার প্রবাসে থাকলেও দীর্ঘদিন দেশে অবস্থান করেই রাজনীতিতে সক্রিয় রয়েছেন শফিক।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মনির হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আব্দুস সালাম।
সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের মনোনয়ন পেতে তৎপর রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য যুক্তরাজ্য প্রবাসী এটিইউ তাজ রহমান।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বর্তমান সাংসদ প্রবাসী সেলিম উদ্দিন ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী এম জাকির হোসেনও জাতীয় পার্টির মনোনয়ন পেতে মাঠে তৎপর রয়েছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে মাঠে তৎপর রয়েছেন কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন। এছাড়া এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছার খাঁন সাদেক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামসুল ইসলাম বাচ্চু।
এসব প্রবাসী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অনেকে দীর্ঘদিন থেকে দেশে অবস্থান করে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। আবার কেউ কেউ নির্বাচনী মৌসুমে দেশে এসে মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন।