২৬ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের প্রতিটি ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের জনগণ আমাকে চায়। কারণ আমি জনগণের জন্য কাজ করি। এতে কে খুশি আর কে অখুশি হলেন, সেদিকে আমার দৃষ্টি থাকে না। আমি সাধারণ মানুষের উন্নয়নে বিশ্বাসী।
শনিবার দক্ষিণ সুরমার লালাবাজার, জাফরাবাদ, জালালপুর ও সিলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি প্রার্থী শফি চৌধুরী বলেন, গণতন্ত্র রক্ষার মূল হাতিয়ার হচ্ছে ভোট। মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বর্তমান সরকারের উচিত নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ভোটকেন্দ্রের প্রতি জনগণের যে অনিহা তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়।
এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।