১৬ নভেম্বর ২০১৮
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর ওপর ২২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত হয়েছে ‘কালনী সেতু’। এটি নির্মাণের ফলে ভাটির যোগাযোগ ব্যবস্থায় নব দিগন্তের সূচনা হবে।
সাবেক রেলমন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের প্রচেষ্টায় ২০১২ সালের ৩০ জুন এ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন বলেন, কালনী ব্রিজের মূল কাজ শেষ। এ বছরের শেষের দিকে কালনী ব্রিজের এপ্রোচের কাজ শেষ হবে। এর মধ্যে দিয়ে উপজেলার পশ্চিমাঞ্চলের সঙ্গে পুর্বাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন, পার্শ্ববর্তী উপজেলা দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুরের সঙ্গে সংযোগ স্থাপনসহ সিলেটের সঙ্গে দিরাইয়ের যোগাযোগ দুরত্ব কমে যাবে।
স্থানীয়রা জানান, দিরাইবাসীর স্বপ্নের কালনী ব্রিজ নির্মাণের ফলে হাওর জনপদের যোগাযোগ ব্যবস্থায় নব দিগন্তের সূচনা হবে। উপজেলার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দুই লাখ মানুষের মধ্যে সেতু বন্ধনের সৃষ্টি হবে। উপজেলা সদর থেকে করিমপুর ইউনিয়ন, জগদল, তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নে হাওরের ওপর দিয়ে সারা বছর যান চলাচল করবে। এ অঞ্চলে গড়ে উঠবে শিল্প কারখানা, কর্মসংস্থানের পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে। এ ছাড়া মাছ, সবজি ও কৃষিপন্য কম খরচে দেশের বিভিন্ন অঞ্চলে পৌছানো যাবে, মুনাফা বাড়বে খামার ব্যবসায়ীদের।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তরসূত্র জানায়, ৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ব্রিজের এপ্রোচের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে। জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের অধীনে সারা বছর চলাচল উপযোগী রাস্তা নির্মাণের সমীক্ষা চলছে। ব্রিজের পূর্বপাশের ১৫ কিলোমিটার রাস্তা চান্দপুর-করিমপুর-সিংহনাথ-হোসেনপুর-দক্ষিন সুনামগঞ্জ উপজেলা হয়ে জগন্নাথপুর কলকলিয়া রোডস এন্ড হাইওয়েতে যুক্ত হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, এ ব্রিজ নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হবে।