৩০ অক্টোবর ২০১৮
ক্রীড়া প্রতিবেদক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণভাবে জিতে নিয়েছে টিম বাংলাদেশ। এবার সাদা পোশাকে ভালো কিছু করে দেখাতে মরিয়া স্টিভ রোডসের শিষ্যরা। সবশেষ গেল আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটি ভালো কাটেনি সাকিব-তামিমদের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে চায় মাহমুদউল্লার নেতৃত্বাধীন দল।
মজার ব্যাপার হচ্ছে- চট্টগ্রামে দুটি ওয়ানডেতে লোকাল হিরো তামিমকে মিস করেছে বন্দরনগরীর দর্শকরা। কিন্তু সিলেটকে সেই শূন্যতা উপলব্দি করতে হবে না। কারণ ইতোমধ্যে একাদশে চূড়ান্ত হয়েছেন আবু জায়েদ রাহি। তার সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হতে পারে সিলেটের ছেলে খালেদ আহমেদ।
রাহি ও খালেদা দুজনই সিলেটি হওয়ায় ঘরের মাঠেও তাদের ওপর প্রত্যাশাও বেশি। তারাই এবার সিলেটের ‘লোকাল হিরো’।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ কামরুল ইসলাম রাব্বি দলে নেই। জ্বরের কারণে টেস্টের জন্য ফিট না থাকায় দলে নেই রুবেল হোসেন। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিরেছেন টেস্টে। এই তিন পেসারের মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে খালেদের।
খালেদের অভিষেক প্রসঙ্গে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘খালেদকে বেশ কিছু দিন থেকেই আমরা নার্সিং করছি। সে এইচপি ও ‘এ’ দলে ছিল। ওর পথচলাটা এই টেস্ট দিয়েই হবে যদি সুযোগ পায়। আশা করি ভালোও করবে।’
বাশার বলেন, ‘খালেদ লম্বা সময় ধরে একই জায়গায় বল করতে পারে। সে খুব ফিট ক্রিকেটার। টেস্ট ম্যাচে একই রিদমে অনেকক্ষণ বল করতে পারে। পেস আছে, বাউন্স আছে। ওর উচ্চতাটা খুব ভালো, উচ্চতা কাজে লাগিয়ে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারে।’
এদিকে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও খালেদকে নিয়ে বাড়তি কিছু কাজ শুরু করেছেন।