১০ জানুয়ারি ২০২৩


ভেস্তে গেছে সিসিকের ‘ফ্রি ওয়াইফাই’ সেবা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সারাদেশে সাড়া ফেলে প্রথমবারের মত সিলেট নগরবাসীকে ফ্রি নেটওয়ার্ক সুবিধা দিতে নগরীর বিভিন্ন পয়েন্টে চালু করা হয়েছিল বিনামূল্যে ইন্টারনেট সেবা। প্রথমদিকে এর সুফল ভোগ করলেও প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে ডিজিটাল সিলেট প্রকল্পের আওতায় স্থাপিত বিনামূল্যে ওয়াই-ফাই সেবা। ওয়াই-ফাইসেবা প্রদানের জন্য স্থাপিত মূল্যবান যন্ত্রপাতি অকেজো পড়ে আছে।

জানা যায়, ২০২০ সালের প্রথম দিকে বাংলাদেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে যাত্রা শুরু করে সিলেট। নগরের ৬২টি এলাকার ১২৬টি স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালুর মধ্য দিয়ে এর বাস্তবায়ন করা হয়। নগরে থাকা যেকেউ এ সুবিধা ভোগ করতে পারার নিমিত্তে এ সেবা প্রাপ্তির ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ আর পাসওয়ার্ড ‘জয় বাংলা’ হিসেবে ওপেন করে দেয়া হয়। ২০২০ সালের এপ্রিলের মাঝামাঝি থেকে পুরোপুরিভাবে নগরের বাসিন্দারা ফ্রি ওয়াইফাই সেবা ভোগ করেন। কিন্তু তার কয়েকমাস পরই তুবড়ে যায় সেই সেবা।

প্রতিটি এক্সেস পয়েন্টের চারদিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে প্রতি সেকেন্ডে ১০ মেগাবাইট। অবশ্য শুরু থেকেই ইন্টারনেটের মন্থর গতি নিয়ে অভিযোগ ছিল ব্যবহারকারীদের। তবে গতি ধীর হলেও প্রায় সব এলাকা থেকে ওয়াই-ফাই সুবিধা মিলছিল। ২০২১ সালের ২১ মার্চ এই প্রকল্পের দায়িত্ব সমঝে দেওয়া হয় সিলেট সিটি করপোরেশনকে।

প্রকল্পটির খরচ কিভাবে চলবে এ ব্যাপারে স্পষ্টতা না থাকায় সিটি করপোরেশন প্রথমে প্রকল্পটি নিতে চায়নি। পরে এব্যাপারে দফায় দফায় আলোচনা করে শেষ পর্যন্ত সিটি করপোরেশন তা গ্রহণ করে। সিটি করপোরেশন প্রকল্প সমঝে নেওয়ার পর কয়েক মাস ওয়াই-ফাইসেবা চালু ছিল। এরপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। নগরে এখন ইউজার নেম ও পাসওয়ার্ড লিখে ওয়াই-ফাই কানেক্ট হওয়া গেলেও ইন্টারনেট ডিজেবলড দেখায়।

তবে বিষয়টি নিয়ে সিসিক কর্তৃপক্ষে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায় নি।

শেয়ার করুন