২৪ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে একঘরে করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তব্য প্রদানের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য তিনি করে এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমরা রাজপথে নেমেছি, খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরে যাব না। সারাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে, আওয়ামী লীগকে আমরা একঘরে করে দেব।’
এসময় বিএনপির এ নেতা আরও বলেন, ‘দেশে এখন গণতন্ত্র মৃত, মানবাধিকার ও সুশাসন নেই দেশে। সরকার বলছে হাজার কোটি টাকার উন্নয়ন করেছে তারা। তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে তাদের এত ভয় কেন?
সমাবেশে আরও উপস্থিত আছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাবেক ছাত্রনেতা সুলতান মনসুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবীর খানসহ আরও অনেকে।