২০ জানুয়ারি ২০২৩


‘লোডচুরি’র আলোয় চলছে রাতের ব্যাডমিন্টন খেলা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শীত মৌসুম এলেই পাড়া মহল্লায় শুরু হয় ব্যাডমিন্টন খেলা। এ রীতি পুরনো নতুন করে রাতে ফুটবল খেলার রীতিও চালু হয়েছে। সন্ধ্যার পর হতে মধ্য রাত পর্যন্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে চলে ব্যাডমিন্টন, ফুটবল। বিশ্ব জ্বালানি সংকটের কারণে সরকার বিদ্যুৎ সাশ্রয় করতে নানান নির্দেশনা দিচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে এই শীত মৌসুমে লোডশেডিংয়ে ধকল পোহাতে হচ্ছে। অথচ এমন সময় উল্টো বেড়েছে অবৈধ বিদ্যুৎ ব্যবহার।

নগর ঘুরে দেখা যায়, সড়কের বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নিয়ে এ খেলার আয়োজন চলে। প্রতি রাতে শহরের বিভিন্ন জায়গায় শত শত বাতি জ্বালিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খেলা চলে। সেই বাতি চোখে পড়েনা বিদ্যুৎ কর্মকর্তাদের। বিদ্যুৎ এর এ অপচয়ের ঘটনা প্রকাশ্য ঘটলেও তা প্রতিরোধে সংশ্লিষ্টদের নেই কোনো তৎপরতা। সিলেট নগরীর আম্বরখানা, জালালাবাদ, চৌকিদেখি, খাসদবীর, বড়বাজার, মিরাপাড়া, শেখঘাট, ঘাসিটুলা, উপশহর, টিলাগড়, বালুচর মেজরটিলা, সবুজবাগ, শিবগঞ্জ, জিন্দাবাজার ও দক্ষিণ সুরমাসহ বিভিন্ন এলাকার পাড়ায়-পাড়ায় ব্যাডমিন্টন ও মিনিবার ফুটবলের এমন আয়োজন খেলার আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ এর অবৈধ সংযোগের মাধ্যমে খেলার আয়োজনে দৈনিক বড় হারে বিদ্যুতের অপচয় ব্যয় হচ্ছে ।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন, আমাদের কাছে কোথায় বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে খেলার খবর এলে আমরা সাথে সাথে পদক্ষেপ নেই। তিনি বলেন, কেউ যদি নিজেদের বাসাবাড়ি থেকে সংযোগ এনে খেলে এতে কোনো আপত্তি নেই। তিনি জানান, কয়েকদিন আগে নগরীর আম্বরখানা কলোনি এলাকা থেকে এমন অভিযোগ এসেছিলো, আমরা গিয়ে সাথে সাথে তা কেটে দিয়ে আসি।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। আমরা এমন তথ্য পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নিয়ে থাকি। অবৈধ বৈদ্যুতিক সংযোগ কমাতে নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করি।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, এমনিতেই অবৈধ বিদ্যুৎ ব্যবহার অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কাজ। তাছাড়া বৈশ্বিক জ্বালানি সংকটের সময় তো অবশ্যই জনগণের জন্য ক্ষতি, তাছাড়া বিষয়টি সরকারের দুর্নাম ছড়াচ্ছে। খেলার মাঠে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অনেকসময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। অতীতে বিদ্যুতের অবৈধ সংযোগ দিতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে, উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তদের জরুরী ভিত্তিতে এ ব্যাপারে মাঠ পর্যায়ে তদারকি করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা দরকার এবং আইনশৃংখলা বাহিনীকেও অবহিত করা উচিত।

তিনি আরো বলেন, কোনো বিবেকবান মানুষ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াতে পারে না। প্রতি রাতে এই যে বিদ্যুতের অপচয় এই দায় বিদ্যুৎ নির্বাহি, আইনশৃংখলাবাহিনী কিংবা জনপ্রতিনিধি কেউই এড়াতে পারবেন না। তাছাড়া দেখা গেছে প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব খেলার আয়োজন করা হয়ে থাকে।

শেয়ার করুন