২৩ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের অগ্রগামী দল। বুধবার সিলেট রেজিস্ট্রার মাঠে ঐক্যফ্রন্টের জনসভা সামনে রেখে প্রস্তুতি দেখতে মঙ্গলবার এই অগ্রগামী দল যাচ্ছে।
গণফোরামের কেন্দ্রীয় গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, প্রস্তুতি সমন্বয় করতে মঙ্গলবার সিলেট যাচ্ছেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়া আজ সমন্বয় কমিটির সভায় প্রতি ১৫ দিন পর পর একজন সমন্বয়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১৫ দিনের জন্য সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এছাড়াও গণফোরামের কার্যালয়কে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।