২০ অক্টোবর ২০১৮


চরম দুর্ভোগে বাস যাত্রীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহণ আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবীতে শনিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যারা ওই সময়ে আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন তারা নিজেদের গন্থব্যে যেতে পারছেন না।

এছাড়া সিলেট বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া আন্ত:জেলা, উপজেলা ভিত্তিক বাসগুলোও চলাচল করছে না। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

শনিবার সকালে টার্মিনালে গিয়ে দেখা গেছে শতো শতো যাত্রী বাস ছাড়ার অপেক্ষায় রয়েছেন। কেউ বসে আছেন বাস কাউন্টারের সামনে, কেউ বসে আছে রাস্তার ধারে ফুটপাতে। শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও আছেন অপেক্ষায়।

জানাগেছে সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে গতকাল শুক্রবার।

আর এই সমাবেশের কারণেই শনিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত দূরপাল্লার বাস সিলেট থেকে অন্য গন্তব্যে ছেড়ে যাবে না। এতে যানবাহন চলাচলে সাময়িক এ অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

তবে সমাবেশ শেষ হওয়ার পরপর আবার বাস চলাচল স্বাভাবিক হবে বলেও নিশ্চিত করেছেন নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওছমান আলী।

সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।

শেয়ার করুন