১৬ অক্টোবর ২০১৮


নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতিতে শাবিতে বিতর্ক

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

নারীর গৃহস্থালী কাজের অর্থনৈতিক স্বীকৃতি প্রতিষ্ঠায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে এবং শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় সকাল নয়টায় শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতা সন্ধ্যায় শেষ হয়।

‘গৃহস্থালী সেবামূলক কাজঃ চাই স্বীকৃতি, মূল্যায়ন এবং পুর্নবন্টন’ শিরোনামে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় সিলেটের আঞ্চলিক পর্যায়ের ১২টি বিশ্ববিদ্যালয়-কলেজের মোট ১৪টি সংগঠন অংশগ্রহণ করেছে। বারোয়ারি প্রতিযোগিতায় স্কুল-কলেজ পর্যায়ের আরও ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এনজিও প্রতিষ্ঠান ‘একশন এইড’ ও পররাষ্ট্র মন্ত্রণালয় নেদারল্যান্ডসের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম দীপু, এনজিও প্রতিষ্ঠান ‘একশন এইড’র প্রোগ্রামার অফিসার নূরে জান্নাত প্রমা।

আগত অতিথি এবং বিতার্কিকদের যুক্তিতর্কে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, গৃহস্থালী কাজের স্বীকৃতিতে প্রয়োজনীয় পদক্ষেপ, দেশের জিডিপিতে নারীর গৃহস্থালী কাজের ভূমিকা প্রভৃতি বিষয়ের আলোচনা উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ একে আব্দুল মোমেন বলেন, “আমাদের দেশে এখনও গৃহস্থালী কাজের কোন অর্থনৈতিক স্বীকৃতি নেই। এটাকে এখনও কোন কাজ মনে করে হয় না। যদিও আমাদের দেশে নারীরা পুরুষের তুলনায় চারগুণ বেশি গৃহস্থালি কাজ করে থাকেন, যা গড়ে ৬ ঘন্টা।”

তিনি বলেন, “আমাদের দেশে পদ্মা সেতু নির্মিত হলে জিডিপি বাড়বে দুই শতাংশ। আর গৃহস্থালি কাজের অর্থনৈতিক স্বীকৃতি দিলে জিডিপি বাড়বে ২৬ শতাংশ। আমাদের সবাইকে নারীর এই পরিশ্রমকে, তাদের নিত্য দিনের কাজকে স্বীকৃতি দিতে কাজ করা উচিত।”

‘নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতিতে জিডিপির কোন পরিবর্তন হবে না’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পার্কভিউ মেডিক্যাল কলেজ। বরোয়ারি প্রতিযোগিায় পুরস্কার গ্রহণ করেন  বিভিন্ন কলেজের আরও পাঁচ শিক্ষার্থী।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি রাকিব সিরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুতির সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্বারক তুলে দেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যরা।

শেয়ার করুন