১৪ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘চিন্তা-চেতনার দৈন্যতার কারণেই বিএনপি ড. কামাল হোসেনদের সাথে ঐক্য করেছে। তিনি এও যোগ করেন, ‘সারাদেশে যাদের দুই হাজারও ভোট নেই তাদের সাথে বিএনপির এ ঐক্য তাদের দৈন্যতা।’
রোববার সিলেটে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরনের লক্ষ্যে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক ছিল প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়।
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে সরকারবিরোধী বৃহত্তর জোট শনিবার আত্মপ্রকাশ করে। বিএনপি ছাড়াও এ জোটে আছে আ স ম রবের নেতৃত্বাধীন জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা খাতে ৬৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এটা বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে শিক্ষকদের ওপর।’
তিনি বলেন, ‘যুগপোযোগী মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে আন্তরিক হতে হবে। সন্তানদের প্রতি আন্তরিক মমত্ববোধ ও ভালবাসা জাগিয়ে তুলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এ নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। এ জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। যার কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান আজ উর্ধ্বমুখী। আর এটা সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই। যার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিশে^র দরবারে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এজন্য গোটা শিক্ষক সমাজকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কর্তব্য পরায়ণ ও ন্যায় নিষ্ঠ হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(প্রশাসক) সাবের হোসেন পরিচালক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা খাতুন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সিলেট পিটিআই সুপার এ.কে ইব্রাহিম প্রমুখ।
কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জৈন্তাপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহ মিফতাহুজ্জামান, গীতা পাঠ করেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলীপময় দাস চৌধুরী। কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন।