৮ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : রেজিস্ট্রি দলিল, আদালতের দরখাস্তসহ নানা কাজে দরকার হয় কার্টিজ পেপার। আর এ কার্টিজ পেপারের হবিগঞ্জের আদালত পাড়ায় সংকট দেখা দিয়েছে। এ কারণে আদালতে আইনজীবীদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। মাঝে মধ্যে কার্টিজ পেপার পাওয়া গেলেও তা দ্বিগুণ দামে বেচা হচ্ছে। আর জেলা প্রশাসন বলছে, ইতিমধ্যেই সংকট দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রমতে, হবিগঞ্জ জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে নির্ধারিত ভেন্ডারের মাধ্যমে সিকিউরিটি প্লেইন পেপার বা কার্টিজ পেপার সরবরাহ করা হয়। নির্ধারিত ভেন্ডাররা ট্রেজারার থেকে সংগ্রহ করে আইনজীবীসহ সংশ্লিষ্টদের মধ্যে সরবরাহ করে থাকেন। জজ আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে এবং আসামিদের জামিন আবেদনের ক্ষেত্রেও এই পেপার ব্যবহার হয়। এ কারণে আদালত প্রাঙ্গনে এর চাহিদা অনেক। সরকার নির্ধারিত প্রতিটি কার্টিজ পেপারের মূল্য তিন থেকে পাঁচ টাকা। তবে গত এক বছর ধরে হবিগঞ্জের আদালত প্রাঙ্গনে এ কার্টিজ পেপার ৫০ থেকে ৬০ টাকায় বেচা হচ্ছে। গত জুন থেকে সংকট আরও প্রকট হয়েছে। এ অবস্থায় কার্টিজ পেপার প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা দরে বেচা হচ্ছে। আদালত প্রাঙ্গনে আসা লোকজন জানান, গত চার সপ্তাহ ধরে কার্টিজ পেপার পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ অভিযোগ করেন, উচ্চমূল্য দিলে ঠিকই পাওয়া যায়।
হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর এলাকার বাসিন্দা শোয়েব ঠাকুর জানান, কার্টিজ পেপার সংকটের কারণে তাকে মামলা-মোকদ্দমা নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, কার্টিজ পেপারের জন্য গেলে ডিলাররা বলেন নেই। তবে অতিরিক্ত টাকা দিলে কার্টিজ পেপার মেলে। বানিয়াচং উপজেলার রতœা বাজার এলাকার মনির হোসেন জানান, পাঁচ টাকার কার্টিজ পেপার ৪০ থেকে ৫০ টাকায় কিনতে হয়। তিনি বলেন, প্রশাসন যদি মনিটরিং করত তা হলে এ সংকট সৃষ্টি হত না।
মামলা করতে আসা সদর উপজেলার খাটাকালি গ্রামের রহিম মিয়া জানান, আমি মামলা করতে আদালতে আসলে উকিল সাহেব আমাকে একটি কার্টিজ পেপার আনতে বললে আমি কার্টিজ পেপার আনতে যাই। এসময় ডিলাররা বলেন, কার্টিজ পেপার নেই। তবে অতিরিক্ত টাকার কথা বললে তিনি বলেন, দেখা যাক পাওয়া যায় কিনা। পরে ৫০ টাকা দিয়ে একটি কার্টিজ পেপার কিনতে হয়েছে।
কার্টিজ পেপার ডিলার আতাউর রহমান জানান, বর্তমানে কার্টিজ পেপার সংকট রয়েছে। তবে বেশি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় কার্টিজ পেপারের সংকট রয়েছে। তিনি এ সংকটকে কৃত্রিম অভিযোগ করে বলেন, ‘দিন দিন এ সংকট প্রকট আকার ধারণ করছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে বার বার কার্টিজ পেপার চাওয়ার পরও কোনও ধরনের সমাধান হচ্ছে না। আমরা চাই, শিগগিরই প্রশাসন এ সংকট থেকে আমাদের মুক্তি দেবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ জানান, সংকট থাকার কারণে উপর মহলকে জানিয়ে ১০০ রিম কার্টিজ পেপার আনা হয়েছে। তা সংশ্লিষ্ট ডিলারদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়াও পরে আরও আসবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, যদি কেউ সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।