২২ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : মাওলানা সাদ অনুসারী তাবলীগ জামায়াতে জেলা ইজতেমায় এক সাথে জুমআহ’র নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লী। আজকের দিনে সিলেটের সব চেয়ে বড় জুমআহ’র নামাজে সরকারের মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে মুসল্লীদের আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠে পুরো ইজতেমা ময়দান।
শুক্রবার দক্ষিণ সুরমা জেলা মরকাজ সংলগ্ন মাঠে জেলা ইজতেমার দ্বিতীয় দিনে মাঠে জুমআহ’র নামাজে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা অংশ নেন।
নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এই ইজতেমা শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।