১ অক্টোবর ২০১৮


ভাঙ্গন দেখা দিয়েছে পাগলা-বীরগাঁও সড়কে

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : ভারি যানবাহন চলাচল ও হাওরের ঢেউয়ের আঘাতে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা-বীরগাঁও সড়কে অন্তত ৪টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ৪টি স্থান যেই হারে ভাঙ্গছে যদি এখনই ভাঙ্গন রোধে বিহীত ব্যবস্থা না নেয়া হয় তাহলে এই সড়কে যান চলাচলে বাঁধা সৃষ্টি হতে পারে বলে ধারণা চালক, যাত্রীসহ স্থানীয়দের। তাই দ্রুত সময়ে ভাঙ্গন স্থানে সংস্কার কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাগিদ তাদের।

জানা যায়, ২ বছর সময় আগে পাগলা-বীরগাঁও সড়কের লাউয়া নদী ব্রীজ হতে উত্তর খালপাড় পর্যন্ত পাকা করণের কাজ সম্পন্ন করা হয়। ব্রীজ থেকে খালপাড় মসজিদ পর্যন্ত সড়কের পাশে ব্লক দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ নিম্ন মানের কাঁচামাল দিয়ে সড়কে পাকা ও ব্লক স্থাপন করায় বছর দুয়েকের মধ্যে ৪টি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়া বৈশাখ জৈষ্ঠ মাসে ভারি যানবাহন চলাচল ও বর্ষায় পাখিমারা হাওরের ঢেউয়ে সড়কে ব্লক সরে গিয়ে ভাঙ্গনের পরিমান বাড়িয়ে দিয়েছে বলে জানান অনেকেই। শুষ্ক মৌসুমে ভাঙ্গন স্থান সংস্কার না করা হলে আগামী মৌসুুমে সড়ক নিচিহ্ন হওয়ার আশংকার কথাও জানিয়েছেন তারা।

মহিববুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, দুই বছর হলো না রাস্তার ব্লক খোলে যাচ্ছে। নিম্ন মানের কাঁচামাল দিয়ে ব্লক নির্মাণ করা হয়েছে। না হলে অতি অল্প সময়ে ব্লক খোলে যাবে কেনও। কয়েকটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। দ্রুত সময়ে ভাঙ্গন স্থানে কাজ না করলে আগামী বর্ষায় সড়ক নিচিহ্ন হতে পারে।

সাইদুর রহমান নামে এক সিএনজি চালক বলেন, প্রায় চারটি স্থানের মাটি সরে গিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে। গাড়ি চালাতে সমস্যা হচ্ছে আমাদের। একটু এদিক সেদিক হলেই দুর্ঘটনা হতে পারে। তাই ভাঙ্গা স্থানগুলোতে সংস্কার কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ তাঁর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর কালাম বলেন, রাস্তার ভাঙ্গার বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষকে বার বার জানাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। রাস্তার অবস্থা নিয়ে একটু লেখালেখি করলে ভালো হয় তাহলে কর্তৃপক্ষের নজর পরবে।

এ ব্যাপারে এলজিইডি প্রকৌশলী ইকবাল হোসেনের মোবাইল ফোনে একাদিক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন