২৪ সেপ্টেম্বর ২০১৮
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় তাসনিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত তাসনিমার বাড়ি হবিগঞ্জ জেলার মিরপুরের চারিগ্রামে।
সোমবার সকালে শ্রীমঙ্গলের ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগানের সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কুতুব আলী জানান, তাসনিমা বেগম সকালে চা বাগানের সামনের রাস্তা দিয়ে তার স্বামীর সাথে মোটরসাইকেল এ যাচ্ছিলেন। সাথে তাদের বাচ্চাও ছিলো। পথিমধ্যে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তাসনিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরবর্তীতে ট্রাকটি তাসনিমা কে চাপা দিয়ে দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাসনিমার মৃত্যু হয়।