১৩ ফেব্রুয়ারি ২০২২


স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকটি মুঠোফোন নাম্বারে চাঁদা দাবি করা হয়েছে।

রোববার বিষয়টি নিয়ে নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা ডা. হিমাংশু লাল রায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ডা. হিমাংশু লাল রায় জিডিতে উল্লেখ করেন, কিছুদিন যাবৎ সাংবাদিক পরিচয়ে তাঁর কাছে বিভিন্ন মোবাইল ফোন নাম্বার থেকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে দুস্কৃতকারীরা। টাকা না দিলে স্যোসাল মিডিয়াসহ গণমাধ্যমে বিভিন্ন ধরনের মানহানিকর তথ্য প্রচার করা হবে বলে হুমকি প্রদান করছে সাংবাদিক পরিচয় দানকারী সেই লোকেরা। এছাড়াও ডা. হিমাংশু লাল রায়কে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।

ডা. হিমাংশু লাল রায় বলেন, আমার মনে হচ্ছে- যারা এমন কাণ্ড ঘটাচ্ছে তারা আসলে প্রকৃত সাংবাদিক নয়। কোনো দুস্কৃতকারী। আমি পুলিশের সহযোগিতা চেয়েছি। আশা করছি শীঘ্রই তারা চিহ্নিত ও গ্রেফতার হবে।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ বলেন, তিনি জিডি করেছেন। আমরা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হুমকিদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

শেয়ার করুন