২৪ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম (৩০) নিহত হয়েছেন।
রোববার রাতে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে নিজের ছেলের মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ছেলে ও স্থানীয় লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত ৯টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
ছেলে ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন। তবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।