১৯ সেপ্টেম্বর ২০১৮
জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম (৩৫) নিহত হয়েছেন। নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি কুলাউড়া উপজেলা সদরে স্বপরিবারে বসবাস করতেন।
বুধবার সকাল সাড়ে ৭টায় গাজীপুর চা বাগানের জুড়ি অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় শামীম ও শাহীন আহমদ নামে তার এক সহযোগী জুড়ি সাগরনাল-ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথে পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণের শিকার হন তারা। এসময় তার সহযোগী দৌড়ে পালিয়ে আসতে পারলেও শামীম হাতির কবল থেকে রক্ষা পাননি। পরে সকালে রাস্তার ধারে শামীমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জুড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাস্তার পাশে এক ব্যক্তি মরদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরে জানতে পারি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে এই এলাকায় হাতির আক্রমণে কয়েকটি গাড়ি ভাঙচুরের খবরও আমাদের কাছে এসেছিলো।