২৭ আগস্ট ২০১৮
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে এক কৃষককে দিনভর নির্যাতন করেছে প্রতিপক্ষের লোকজন। প্রকাশ্যে দিবালোকে জমি থেকে ধরে এনে বসত ঘরের সামনে সিমেন্টের একটি পিলারের সাথে শক্ত করে বেঁধে তাকে নির্যাতন করা হয়। রোববার ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত কৃষকের নাম সুনু মিয়া। তিনি রাতগাঁও গ্রামের বাসিন্দা।
সুনু মিয়া জানান, প্রায় ৫ ঘন্টা নির্যাতনের পর স্থানীয় লোকজন প্রতিপক্ষের কবল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
নির্যাতিত ব্যক্তি ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, রাতগাঁও গ্রামের রুয়েল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সুনু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগে তাদের জমি সংক্রান্ত বিরোধটি এলাকার লোকজনদের নিয়ে নি করে দেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। গতকাল রোববার দুপুরে সুনু মিয়া রোপনকৃত জমিতে দেখাশুনা করতে গেলে রুয়েল মিয়ার লোকজন তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এক পর্যায়ে তার হাত-পা বেঁধে তাকে টেনে-হেঁচড়ে গ্রামের নজির উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এনে একটি পিলারের সাথে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় দিনভর শারীরিক নির্যাতন চালানো হয়। বিকেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, তিনি ঘটনার খবর শুনেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
(আজকের সিলেট/২৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)