২২ আগস্ট ২০১৮
ডেস্ক রিপোর্ট : ঈদুল আযহায় বর্জ্য অপসারণ মাঠে থাকবে সিলেট সিটি করপোরেশন (সিসিক) বিপুল সংখ্যক কর্মী। সিটি করপোরেশনের নিয়মিত ৫৫৬ জন পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও ঈদের জন্য ১২৭৫ জন অতিরিক্ত কর্মী মাঠে কাজ করছে।
সব মিলিয়ে ১৯৩১ জনের বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিলেট মহানগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণ করার কথা জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের কনজারভেন্সি কর্মকর্তা হানিফুর রহমান জানান, অন্যান্য বছরের মতো এবারো ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঈদের তিন দিন আগে ও ঈদের পরের তিন দিন নয়টি বিশেষ টিম কাজ করছে।
তিনি জানান, ৫০টি বর্জ্যবাহী ও ১০টি পানিবাহী ট্রাক এবং ৫টি এক্সেভেটর দিয়েই নগরীকে পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়া নগরী পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমান ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
প্রসঙ্গত, সিলেট মহানগরীতে প্রতিদিন ২৫০-৩০০ মেট্রিক টন বর্জ্য সৃষ্টি হয়। কোরবানির ঈদে সেটি ৫০০ মেট্রিক টনে গিয়ে দাঁড়ায়। এ অবস্থায় দ্রুত বর্জ্য অপসারণ চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।
(আজকের সিলেট/২২ আগস্ট/ডি/কেআর/ঘ.)