১৬ ফেব্রুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের ৪ জেলা গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এদিকে শতকরা হিসেব শনাক্তের হার বেড়ে এখন ৯ দশমিক ৪৮ শতাংশ।
বুধবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
তার দেওয়া তথ্যানুসারে, সিলেট বিভাগের ৪ জেলা মিলিয়ে সর্বমোট মৃত্যুসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২১ জন। মৃতদের মধ্যে সিলেট জেলাতেই সর্বোচ্চ ৯০৫। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৭৫ জন, হবিগঞ্জ জেলায় ৪৯ জন ও মৌলভীবাজার জেলা ৭২ জন রয়েছেন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিভিন্ন স্থানের আরও ১২০ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে সরকারি পরিসংখ্যান অনুসারে বিভাগের ৪ জেলাতে ১ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়েছে ১১৭ জনের নমুনাতে।
এদিকে অ্যান্টিজেন টেস্টে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। বিভাগে মোট কোভিড-১৯ প্রমাণিত রোগীর সংখ্যা সর্বমোট ৬৬ হাজার ২৭২ জন। এদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ৩৫ হাজার ৬৬৮ জন। সর্বনিম্ন সুনামগঞ্জে ৭ হাজার ২৯ জন।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলাতে ৬৯ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে ১০ জন রয়েছেন।
বিভাগের অন্যতম প্রধান হাসপাতাল সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্নস্থানের ২৩ জন রয়েছেন। বিভাগের হাসপাতালসমূহে ভর্তি আছেন ১১২ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা শঙ্কাজনক। তারা আইসিইউতে রয়েছেন।