৩১ জুলাই ২০১৭


পরিচ্ছন্ন শহর হচ্ছে মৌলভীবাজার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : পরিচ্ছন্ন ও পর্যটন শহর গঠন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিলবোর্ড অপসারণ, যানযট-জলাবদ্ধতা দূরীকরণ, ফুটপাত দখল মুক্ত, পৌর এলাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারে মান সম্পন্ন চিকিৎসা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সীমাবদ্ধতার মধ্যেও এই সব কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজার শহর একটি আধুনিক ও মডেল পৌরসভায় পরিনত হতে চলেছে। এতে জনদুর্ভোগ কমছে বলে স্থানীয়রা জানান।

জানা গেছে, পাহাড়, টিলা ও সমতল ভূমিবেষ্টিত মনুনদীর তীর ঘেষা মৌলভীবাজার শহর ১৮৮৭ সালে পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। সময়ের পালা বদলে চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করেন অনেকে। কিন্তু এ পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন পেলেও যুযোপযোগী কর্ম পরিকল্পনার অভাবে নাগরিকরা প্রথম শ্রেণির সুযোগ সুবিধায় বঞ্চিত ছিলেন। ফলে পৌরবাসীর মধ্যে হতাশা বিরাজ করে।

এরপর ২০১৫ সালে ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের পর নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণের পর পাল্টে যায় শহরের দুর্ভোগের দৃশ্যপট।

ইতঃপূর্বে অপরিকল্পিত পয়:প্রণালী নির্মাণের ফলে বৃষ্টির পানিতে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার, কুসুমবাগ, সিকান্দর আলী সড়ক, ধরকাপন, গীর্জপাড়া, ফাটাবিলসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হত। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হত।

জনদুর্ভোগ নিরসনে পৌর মেয়র প্রভাবশালীমহলের কবলমুক্ত করতে শহরের পানি নিস্কাষণের একমাত্র মাধ্যম কোদালীছড়া খনন কার্যক্রম শুরু করায় জলাবদ্ধতা অনেকাংশ নিরসন হয় বলে জানান সৈয়ারপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য।

অপর দিকে মাত্রাতিরিক্তভাবে ইজিবাইক শহরে চলাচাল এবং যত্রতত্র দাড়িয়ে থাকায় যানজট নাগরিক জীবনকে অতীষ্ট করে তুলে। যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ইজিবাইক চলাচলে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিধি নিষেধ আরোপ করা হয়।

পরিচ্ছন শহর গড়তে বিদ্যুতের খুঁটি কিংব রাস্থার মোড়ে মোড়ে লাগানো নেতা-নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড ও বিভিন্ন পণ্য সামগ্রীর প্রসার সাইনর্বোড অপসারন করা হয়।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু জানান, বিল বোর্ড ও সাইনর্বোড সরিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর মেয়র। এতে পরিচ্ছন শহর হিসেবে শহরের খ্যাতি ফিরে পেয়েছে মৌলভীবাজার।

এছাড়া জরাজীর্ণ বিভিন্ন সড়কের উন্নয়ন কার্যক্রম চলছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের সহযোগিতায় শহরের কুসুমবাগ পয়েন্টে নির্মাণ করা হয়েছে পুলিশবক্স। মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখের পয়েন্টে প্রতিনিয়ত বিশৃংখল ভাবে যানবাহন চলাচল করত। শৃংখলা ফিরিয়ে আনতে পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয়েছে একটি চত্বর।

সম্প্রতি শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া চিকিৎসকরা সাধারণ রোগীরা প্রতারিত হওয়ার ওঠে। একই সাথে শহরের আইকন ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত নগদ অর্থদন্ড ও এক মাসের সাজা দেন।

পৌর মেয়র সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ ভূয়া চিকিৎসকের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে, অনুমোদনবিহীন ক্লিনিক কর্তৃপক্ষ যথাযথ আইনী প্রক্রিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম সঞ্চালনার বিষয়ে প্রণোদনামূলক কার্যক্রম শুরু করেছেন।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল্লাহ জানান, প্রাথমিকভাবে প্রাইভেট হাসপাতালগুলোর দায়িত্বশীলদের সতর্ক করা হচ্ছে। পরবর্তীতে কর্তৃপক্ষ নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান জানান, জনগণ ভোট দিয়েছে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য। পরিকল্পিত উন্নয়নে মাধ্যমে জনগনের সেবা বৃদ্ধিতে সব সময় সচেষ্ট রয়েছেন। মৌলভীবাজারকে অচিরেই পরিচ্ছন্ন ও ডিজিটাল পৌরসভা হিসেবে পুণর্গঠন করা তার লক্ষ্য।

 

(আজকের সিলেট/৩১ জুলাই/এসটি/ঘ.)

শেয়ার করুন