২৪ জুলাই ২০১৮
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের জলমহালে পোনা মাছ ধরার সময় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কোনাজাল আটক করেছে পুলিশ।
মঙ্গলবার জনসম্মুখে এসব অবৈধ কোনাজাল পুড়িয়ে ফেলা হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন জলমহালে ভরা মৌসুমে পোনা মাছ নিধনের জন্য বেশ কিছু সংঘবদ্ধ জেলে কারেন্ট জাল, বের জাল, কোনাজাল ব্যবহার করে অবাধে মাছ ধরে আসছিল।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁনের নির্দেশে তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাছড়া গ্রাম সংলগ্ন ধাওয়া জলমহাল থেকে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ প্রায় ৩ লাখ টাকা মূল্যের কোনাজাল আটক করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওইসব কোনাজাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
(আজকের সিলেট/২৪ জুলাই/ডি/এসসি/ঘ.)