৫ নভেম্বর ২০২৩
ছবি : মুর্শেদ আহমেদ,জৈন্তাপুর থেকে
নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ সিলেট-তামাবিল মহাসড়ক গণপরিবহনশূন্য। সকাল থেকে সড়কটিতে বাস চলাচল করতে দেখা যায় নি। এছাড়া লেগুনা ও সিএনজির চলাচল একদমই হাতেগোনা। নেই কোন প্রাইভেটকারও। জরুরি পণ্যবাহী কিছু গাড়ি এবং অটোরিকশা ছাড়া সড়কটিতে কোনধরনেরই যান চলাচল লক্ষ্য করা যায় নি।

এছাড়া নগরীর বন্দরবাজার,জিন্দাবাজার,সোবহানীঘাট পয়েন্টগুলোতেও যান চলাচল শূন্যের কোঠায়। রিকশায় চড়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন সবাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরজুড়ে প্রায় সবধরনের দোকানপাট, বিপণীবিতান বন্ধ রয়েছে।
প্রসঙ্গত,সরকার পতনের দাবিতে সিলেটসহ দেশজুড়ে ‘ডু অর ডাই’ আন্দোলনে নেমেছে বিএনপি। একের পর এক হরতাল,অবরোধ করেই যাচ্ছে দলটি।
গেল ২৮ অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ শেষ করতে না পেরে পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিব্যাপী অবরোধের ডাক দেয় তারা। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে এ তিনদিনের অবরোধ শেষ হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে।
তবে দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় ফের অবরোধ ডেকেছে খালেদা জিয়ার এ দলটি। আজ রবিবার ও আগামীকাল সোমবার (৫ ও ৬ নভেম্বর) অবরোধ-কর্মসূচি পালন করছে বিএনপি।
ছবি : আজকের সিলেট
এএস // আতারা