২০ জুলাই ২০১৮
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে নিপা দেব (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিপা নবীগঞ্জ পৌর এলাকার স্কুল শিক্ষক অসীম ধামের স্ত্রী এবং হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার বাড়ি মাধবপুর উপজেলায়।
শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিপাকে দেখতে পায় বাড়ির লোকজন। পরে মরদেহটি নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফতাখার আলম চৌধুরী জানান, নিপাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন ছিলো।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে নিপার আত্মহত্যার খবর পেয়ে তার সহপাঠীরা মরদেহ দেখার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে এসে ভিড় করেন।
তারা জানান, নিপা খুব সাদামাটা প্রকৃতির মেয়ে ছিলো। তার এভাবে চলে যাওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না সহপাঠিরা। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
(আজকের সিলেট/২০ জুলাই/ডি/এসসি/ঘ.)