১৮ জুলাই ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। প্রতিবাদে উত্তেজিত জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার গর্দ্দনা গ্রামের জনি বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২৩)।
বুধবার হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ড ৬নং কুপ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জাফলং গামী যাত্রীবাহী বাস নং-সিলেট জ-১১-০৪৫০ এর সাথে মোটরসাইকেলে করে সিলেট যাওয়ার পথে হরিপুর নামক স্থানে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রতন নিহত হন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মাসুক মিয়া উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সুস্থ তদন্তের আশ্বাসে সিলেট-তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
(আজকের সিলেট/১৮ জুলাই/ডি/এসসি/ঘ.)