৩০ জুলাই ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি : দীর্ঘ ১৫ বছরে ওসমানীনগর ছাত্রলীগের সম্মেলন বা নতুন কমিটি গঠিত হয়নি। এতে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন থেকে হতাশা বিরাজ করছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন গত কিছুদিন পূর্বে উপজেলায় ত্রাণ বিতরণে আসেন।
সেখানে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতারা বিষয়টি তাকে অবহিত করলে তিনি জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশ দেন কমিটি গঠন করে দেওয়ার জন্য। এর মধ্য দেশের বিভিন্ন উপজেলায় নতুন কমিটি গঠনের খবরে এবার নড়েচড়ে বসেছেন উপজেলার উদীয়মান ছাত্রনেতারা। শুরু হয়েছে দৌড়ঝাঁপ।
স্থানীয় ছাত্রলীগের প্রাক্তন এবং বর্তমান কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, ২০০১ সালে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয়ে জেলা ছাত্রলীগের তৎকালীন জেলা সভাপতি শফিউল আলম নাদেল ও সাধারণ সম্পাদক নাসির হোসাইন সম্মেলনের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগে সিরাজুল ইসলাম তছলুকে সভাপতি ও তুহিন মনসুরকে সাধারণ সম্পাদক ও ওসমানীনগর থানা ছাত্রলীগে ফয়ছল হোসেন সুমনকে সভাপতি ও রিংকু পালকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদি পৃথক দুটি কমিটি গঠন করে দিয়েছিলেন। এরপর দীর্ঘ ১৫ বছর অতিবাহিত হলেও ওসমানীনগর ছাত্রলীগের আর কোন কমিটি গঠন করা হয়নি।
(আজকের সিলেট/৩০ জুলাই/ডি/কেআর/ঘ.)