১৫ জুলাই ২০১৮


লালাবাজারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৪০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত আরো ৪০ জন। নিহতরা হলেন- লালাবাজার সাতমাইল এলাকার আসক আলীর ছেলে মাহবুবুল আলম (৩০), জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি এলাকার অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৪৫) ও ওসমানীনগর উপজেলার তাজপুরের জ্যোতিন বিশ্বাস চক্রবর্তীর স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)। মাহবুব মোটরসাইকেলে এবং কাজল ও শিউলি বাসযাত্রী ছিলেন।

রোববার বেলা ১২টার দিকে লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী জায়গায় এ দুর্ঘটনাটি ঘটে।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা আরেকটি বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহবুবুল ও কাজল। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মো. পলাশ মিয়া জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে আহত অবস্থায় সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(আজকের সিলেট/১৫ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন