৭ জানুয়ারি ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ উপ-মহাদেশের অন্যতম প্রাচীন দল। বর্তমানে সেই আওয়ামী লীগের নেতৃত্বে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নন, সারা বিশ্বের রাষ্ট্র নায়কদের মধ্যে তিনি একটি স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও গৌরবের অর্জনগুলো জনগণের মাঝে প্রচার করতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান সামগ্রিক উন্নয়ন কিছুটা থমকে গেছে, তবে ভয়ের কোন কারণ নেই অচিরেই তা স্বাভাবিক হয়ে যাবে।
শনিবার বিকেলে উপজেলার দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। সারাদেশে আজকের চলমান শিক্ষা বিপ্লব তার জলন্ত উদাহারণ। এমন কোন এলাকা নেই যেখানে শিক্ষার সামগ্রিক উন্নতিতে সরকার কাজ করেনি। সর্বত্র শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের সদিচ্ছার অভাব নেই। তাই প্রতিটি এলাকায় শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। আর এসব উন্নয়ন মাইলফলকের জনক আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার বিচক্ষণ নেতৃত্ব দেশের শিক্ষা ব্যবস্হাকে আরও গতিশীল ও এগিয়ে নিয়ে গেছে।
কাজি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ সুলেমান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, বীর মুক্তিযোদ্ধা ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, পশ্চিম জাফলং ইউনিয়ন চেয়ারম্যান মামুন পারভেজ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, নজরুল, আওয়ামীলীগ নেতা নজরুল শিকদার, সিলেট জেলা কৃষকলীগের সদস্য গোলাম সরোয়ার প্রমুখ।