১৩ জুলাই ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কলেজছাত্রী শিউলি আক্তার রিমি (২১) গোলাপগঞ্জ পৌরসভার ঘোষগাঁও এলাকার নোমান আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর জবান আলীর ভাতিজি। তিনি সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। এ সময় নিহতের চাচাতো ভাই জুমান আহমদ (২২) আহত হয়েছেন। আহত জুমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারিবারিক কাজে রিমি ও তার চাচাতো ভাই মোটরসাইকেলেযোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। ফুলবাড়ী ইউনিয়নের স্থানীয় হেতিমগঞ্জ বাজারে পৌঁছামাত্র রাস্তায় থাকা একটি বড় গর্তে মোটর সাইকেলটি ধাক্কা খেলে রিমি গাড়ি থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৫৩৪৩) তাকে পিষ্ট করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
(আজকের সিলেট/১৩ জুলাই/ডি/কেআর/ঘ.)