২৬ নভেম্বর ২০২৩


আখের লালি তৈরিতে ব্যস্ত চুনারুঘাটের চাষিরা

আখের রস থেকে লাতৈরিতে ব্যস্ত চুনারুঘাটের বনগাঁও গ্রামের আখচাষিরা। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : আখের রস থেকে লালিগুড় তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাষিরা। দিনরাত পরিবারের সদস্যদের নিয়ে চলছে তাদের লালিগুড় তৈরির কাজ। বিভিন্ন প্রতিকূলতার কারণে বৃহত্তম এ অঞ্চলে আখ চাষ ও ঐতিহ্যবাহী লালিগুড় উৎপাদন অনেকাংশেই কমে গেছে বলে জানিয়েছেন চাষিরা।

স্থানীয় আখচাষিরা বলছেন, নদীর চর কেটে নিয়ে যাওয়া এবং অবাধে বালু উত্তোলনের ফলে দিন দিন কমছে আখ চাষ। একই সঙ্গে উন্নত সার, বীজ, কীটনাশক ও প্রযুক্তির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এমন অবস্থায় আঞ্চলিক এ ঐতিহ্য রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

জানা যায়, চুনারুঘাট উপজেলা ঘেঁষে প্রবাহিত খোয়াই নদীর দু’পাশের চরে একসময় প্রচুর আখ চাষ হতো। নদী থেকে বালু উত্তোলন ও নদীর নাব্য সংকটের কারণে পলি না জমায় সেখানে মাটির উর্বরতা কমে গেছে। যে কারণে আগের মতো আখের চাষ আর হয় না। আখ চাষে ভালো লাভ না হওয়ায় এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক চাষি।

আখচাষিদের অভিযোগ, আখ থেকে রস উৎপাদনের উন্নত মেশিন নেই তাদের। যে কারণে লালিগুড় উৎপাদনে তেমন লাভ হয় না।সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় এ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

চুনারুঘাট সুগার কর্প গবেষণা ইনস্টিটিউট, উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, চলতি বছর জেলায় ২৯০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে।

এর মধ্যে লালিগুড় উৎপাদনের আখ ১৯০ হেক্টর ও চিবিয়ে খাওয়ার আখ চাষ হয়েছে ১০০ হেক্টর জমিতে। আখ চাষে সুদিন ফেরাতে নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। পাশাপাশি আখচাষিদের প্রশিক্ষণ ও আখ মাড়াইয়ের উন্নত প্রযুক্তির সংযোজন নিশ্চিতে কাজ চলছে।

 

শেয়ার করুন