৯ জুলাই ২০১৮


নির্বাচনকে প্রভাবিত করছে সরকার : আমির খসরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে সরকার- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ করেন।

এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামীলীগের প্রার্থী ধারাবাহিকভাবে আচরনবিধি লংঘন করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। উপরন্তু নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি এমন পর্যায়ে গেছে যে, বলা হচ্ছে তোমরা (বিএনপি নেতাকর্মী) ৩০ জুলাই পর্যন্ত এলাকা ছেড়ে থাকো।’

তিনি বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে দখলের যে প্রক্রিয়া, তা তারা (আওয়ামী লীগ) আপাতদৃষ্টিতে শুরু করে দিয়েছে। বিএনপি যাতে নির্বাচনী কর্মকা- চালাতে না পারে, তা শুরু হয়ে গেছে। আমরা আশা করি, জনগণ তাদেরকে সঠিক জবাব দেবে।’

ভয়ভীতি দেখানোর বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার ও নির্বাচন কমিশনকে সোমবার অবহিত করেছেন আরিফুল হক চৌধুরী, এমনটা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ‘কাজ কতোটুকু হবে’ তা নিয়ে ‘সন্দেহ’ পোষণ করেছেন বিএনপির ওই কেন্দ্রীয় নেতা।

সংবাদ সম্মেলনে আরিফকে পাশে নিয়ে আমির খসরু আরো বলেন, ‘সিলেটে মানুষ স্বাধীনতাকামী, গণতন্ত্রমনা। আগামী ৩০ জুলাইয়ের ভোটে সিলেটের মানুষ সরকারের নির্বাচনী প্রকল্প ভেঙে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।’

তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের দিন থেকে আজ পর্যন্ত যা ঘটেছে, তা রিভিউ করেছি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিশাল জনবল নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, যা আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনী প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে শ্রমিকলীগ গুলশান সেন্টারে, মহিলালীগ জেলা পরিষদ মিলনায়তনে, উপশহরে একটি হোটেলে সভা করেছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো আপত্তি জানায়নি, বাধা দেয়নি।’

বিএনপির মেয়র প্রার্থী আরিফ বিধিমালার প্রতি ‘সম্মান দেখিয়ে প্রচারণা চালাচ্ছেন না’ বলেও উল্লেখ করেন আমির খসরু।

সিসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী মেয়র প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘তিনি প্রার্থী হয়েছেন, তার বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।’

২০ দলীয় জোটের শরীক জামায়াতের মহানগর শাখার আমির এসহানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রার্থী হয়েছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু বলেন, ‘সিলেটসহ তিন সিটিতে যে মনোনয়ন দেয়া হয়েছে, তা জোটে আলাপ-আলোচনা করেই দেয়া হয়েছে। কেউ যদি জোটের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হন, তবে আমরা আশা করবো তার ব্যাপারে তার দল ব্যবস্থা নেবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।

এসময় আরিফুল হক চৌধুরী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও মহানগর সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।

(আজকের সিলেট/৯ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন