২৫ এপ্রিল ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : যাযাবরের মতো ঘুরছেন করোনা পরিস্থিতিতে পটুয়াখালী থেকে হবিগঞ্জে আসা একদল কর্মহীন শ্রমজীবী। দলের ৪০ জনের সবাই সিলেট বিভাগের অধিবাসী। কর্মসূত্রে ছিলেন পটুয়াখালী। ট্রাকে করে এসে ধান কাটার শ্রমিক পরিচয় দিয়ে হবিগঞ্জ ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। আবার লকডাউন থাকায় ফিরতে পারছেন না পটুয়াখালীও। এখন তাদের গন্তব্য অজানা।
শুক্রবার একটি ট্রাকে ধান কাটার শ্রমিক পরিচয় দিয়ে হবিগঞ্জ জেলায় প্রবেশের চেষ্টা করেন তারা। মাধবপুর উপজেলায় স্থাপিত পুলিশ চেক পোস্টে এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
পটুয়াখালী জেলাও অনির্দিষ্টকালের জন্য লকডাউন থাকায় সেখানেও প্রবেশের সুযোগ নেই। যে কারণে ৩৭৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর নিজ জেলার প্রবেশমুখে এসে বাড়ি না ফেরার কষ্ট নিয়েই অজানার উদ্দেশ্যে পুনরায় পাড়ি জমাতে হলো ওই শ্রমজীবীদেরকে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকে করে ধান কাটা শ্রমিক পরিচয়ে অন্তত ৪০ জন লোক হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন। জেলাটি লকডাউন থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগেও ৪টি বাসে আসা লোকজনকে ফিরিয়ে দেওয়া হয়েছিলো।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, ট্রাকে করে আসা শ্রমজীবীদের বাড়ি হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় এবং পটুয়াখালীতে চাকরি করতেন তারা। এদের মধ্যে প্রায় ১৫ জনের বাড়িই হবিগঞ্জে। ট্রাকের ওপরে ত্রিপাল দিয়ে ধান কাটার শ্রমিক পরিচয়ে ছদ্মবেশে আসেন তারা। করোনা পরিস্থিতির কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে।
অন্যদিকে, পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, পটুয়াখালী অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। এখান থেকে যদি কেউ গিয়ে থাকেন তারা লুকিয়ে গেছেন। বিষয়টি আমাদের জানা নেই। ওই লোকদের পুনরায় সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।