২৮ এপ্রিল ২০২২


ইফতার ইস্যু নিয়ে মার খেলেন বিএনপি নেতা এমদাদ!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির ইফতার সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও সিলেট মহানগর বিএনপির ইফতার আয়োজন অতিথি নিয়ে ঘটলো তুলকালাম কাণ্ড।একপক্ষের হাতে মার খেয়ে লাঞ্ছিত হতে হয়েছে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীকে।

প্রতিপক্ষ দলীয় নগরের আম্বরখানা ও চৌখিদেখি এলাকা থেকে আসা একদল নেতাকর্মী সভাকক্ষে এমদাদ হোসেন চৌধুরীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।এমনকি তাকে টেনে হিচঁড়ে বাইরে ঘরের এনে মারধর করেন। মারধরে এমদাদ চৌধুরী আহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে নগরের ভাতালিয়ায় সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসায় এ ঘটনা ঘটে।

দলীয় প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরেই মহানগর বিএনপির ইফতার মাহফিলে অতিথি করা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধে। লন্ডন থেকে নির্দেশনা আসে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে ইফতার মাহফিলে প্রধান অতিথি করতে। কিন্তু একটি পক্ষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অতিথি করতে মরিয়ে হয়ে ওঠেন।

দলীয় সূত্র আরো জানায়, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে ইফতার মাহফিলে প্রধান অতিথি করা হলে খন্দকার আব্দুল মুক্তাদিরের অবস্থান প্রটোকলে নীচে নেমে যাবে। যে কারণে সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ তাদের বলয়ের নেতাকর্মীরা।

এ সময় তাদের মতের বিরোধীতা করেন মহানগর যুগ্ম আহ্বায়ক এমদাদ চৌধুরী।এ নিয়ে রাত ১২টার দিকে আম্বরখানা চৌকিদেখির একটি গ্রুপের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সভাকক্ষে এমদাদ হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপ করেন। তার উপর ছুঁড়া ডিম অন্যদের উপরও পড়ে কাপড় নষ্ট হয়।

এরপর হামলাকারীরা এমদাদ চৌধুরীকে নেতৃবৃন্দের সামনে দিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের করে মারধর করেন। এ ঘটনায় উপস্থিত অনেক নেতারা বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ করলেও মারধরের সময় ভয়ে প্রতিবাদ করতে যাননি।

এ বিষয়ে লাঞ্ছিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ইফতার মাহফিলে অতিথি করার মতের অমিল নিয়ে মহানগর বিএনপি নেতার উপর হামলার ঘটনা দলের চেইন অব কমান্ডে ভাঙন নিয়ে প্রশ্ন ওঠেছে।

শেয়ার করুন