৭ জুলাই ২০১৮


মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ৬

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছেন ৬ যাত্রী। এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক লায়েক মিয়া (২২) এবং অটোরিকশা যাত্রী নাহিদ আহমদ (২২) মারা যান।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-মৌলভীবাজার রোডের নাদামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এছাড়া আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তারা হলেন- মৌলভীবাজারের শেরপুর এলাকার জাহাঙ্গীর তালুকদার (৩৮), সাঝনা বেগম (২৮), করিমপুর এলাকার শাহাদাত তালুকদার (২১) এবং খালিশপুর এলাকার সাফি আহমেদ (২২)।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- ইয়াসমিন বেগম (৩০), নূরজাহান আক্তার (৩), মুস্তাক (৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পলাশ রায় জানান, এখন পর্যন্ত ৬ টি লাশ হাসপাতালে এসেছে। গুরুতর আহত ৩ জনকে আশংকাজনক ভাবে সিলেট পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(আজকের সিলেট/৭ জুলাই/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন