৬ জুলাই ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর আব্দুর রশিদ নামের এক মাওলানার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের ইরফান আলীর ছেলে।
শুক্রবার বিকেলে নন্দীরগাঁও ইউনিয়নের কদমতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আব্দুর রশিদ নিজ বাড়ি থেকে নন্দীরগাঁও ইউনিয়নের শিমুলতলা গ্রামে তার শশুর বাড়ি যাচ্ছিলেন। নৌকাটি কদমতলা নামক স্থানে পৌঁছলে স্রোতের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অন্যরা সাঁতরে গিয়ে তীরে উঠতে সক্ষম হলেও আব্দুর রশিদ স্রোতের টানে তলিয়ে যান। এরপর থেকে স্থানীয় লোকজন ও সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরিরা অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি। এ অবস্থায় শুক্রবার বিকেলে স্থানীয়রা তার লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল মাওলানা আব্দুর রশিদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/৬ জুলাই/ডি/কেআর/ঘ.)