২৯ জুন ২০১৮


শ্রীমঙ্গলে ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ায় বেগুন বাড়ী সড়কের পাশে হামিদুল ইসলামের লেবু ও আনারসের বাগান হতে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃতদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত জুয়েল রানা ওই ইউনিয়নের বেগুনবাড়ী এলাকার জাহের আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে বিকাশ, ফ্লেক্সিলোড ও কম্পিউটার ডাউন লোডের ব্যবসা করতো। সে প্রতিদিন রাত দুইটা তিনটার দিকে বাড়িতে ফিরতো। ঘটনার দিন বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ী ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়।

শুক্রবার সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে শ্র্রীমঙ্গল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের পিতা জাহের আলী বলেন, জুয়েলের সাথে এলাকায় কারো কোন শত্রুতা ছিলো বলে তার জানা নেই। তবে তার স্ত্রীর সাথে পারিবারিক একটি সমস্যা নিয়ে ইতোপূর্বে তার শ্বশুড়বাড়ীর লোকজনদের সাথে কলহ বাঁধে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, আলামত অনুযায়ী নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং গলায় শ্বাসরোধ করে মারা হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তাৎক্ষনিক একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

(আজকের সিলেট/২৯ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন