৮ জুন ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী বিমানবন্দর থেকে প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বারসহ ইকবাল হোসেন (২৬) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। জব্দকৃত ৬০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৯০০ গ্রাম। আটক ইকবাল হোসেন চট্রগামের সাজকানি থানার মধ্যম কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
আটক ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। উদ্ধার করা ৬০ পিস স্বর্ণের বারের ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম বলেও জানিয়েছেন তারা।
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা ভবেশ দেওয়ান জানান, ওমানের রাজধানী মাসকট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি-২২২ সিলেট হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি সিলেটে আসে শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে। ওই ফ্লাইটের যাত্রী ইকবাল হোসেনের পাশের সিট-৩৭ জে এর নিচে স্বর্ণের বারগুলো রাখা ছিল। যাত্রীরা বিমান থেকে নামার পর ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা ব্যাগটিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
সিলেট-৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ওমানের মাসকট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি-২২২ সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। তিনি যে সিটে বসে এসেছেন তার পাশের সিট-৩৭ জে এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এরপর স্বর্ণের বারগুলো ধরা পড়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(আজকের সিলেট/৮ জুন/ডি/কেআর/ঘ.)