১৭ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘর গুছিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে সিলেট জেলা ছাত্রলীগ। দল গুছানোর অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন ইউনিট কমিটি গঠন শুরু করেছেন তারা।
জানা যায়, গত বছরের ১২ অক্টোবর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। নাজমুল-রাহেল নেতৃত্বে আসার বছরের মধ্যেই তারা সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগ নেন। এই সময়ের মধ্যে ৩০টি ইউনিট কমিটির ৪টির অনুমোদন দিয়েছেন। অন্য ইউনিটগুলোতেও কমিটি দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অথচ ক্ষমতাসীন দলের অন্য অঙ্গসংগঠনগুলো মেয়াদ পর হওয়ার পরও ইউনিট কমিটি দূরে থাকায় তাদের পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। এমনকি বিগত দিনে নেতৃত্বে থাকা নেতারাও ছাত্রলীগকে শক্তিশালী করার পরিবর্তে কেবল বিতর্কে জড়িয়েছেন।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নেতৃত্বে আসার পর ইউনিট কমিটিগুলো অনুমোদন দিতে কাজ শুরু করেন। উপজেলা পর্যায়ে ছাত্রলীগের পদ-প্রত্যাশীদের বায়োডাটা আহ্বান করেন। দায়িত্ব পাওয়ার ১০ মাসের মাথায় দুই উপজেলা ও একটি কলেজ কমিটির অনুমোদন দেন। সবশেষ শুক্রবার গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গেল ৩০ জুলাই ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছাত্রলীগের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই দিনে ১৫ বছর পর ২৫ সদস্যের বালাগঞ্জ উপজেলা শাখা ও ১৬ সদস্যের কলেজ ছাত্রলীগের ১ বছর মেয়াদী কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। সর্বশেষ ২০০২ সালে বালাগঞ্জ ছাত্রলীগের কমিটি গঠন হয়। এরপর আর সম্মেলন হয়নি। শুক্রবার সিলেটের গোয়াইঘাট উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটি ৫ বছর ধরে নিষ্ক্রিয় ছিল। সর্বশেষ ২০১৭ সালে এই উপজেলায় কমিটি গঠন করা হয়েছিল। এরপর আর সম্মেলন হয়নি, বলে সংগঠন সূত্রে জানা গেছে। একইভাবে মহানগর ছাত্রলীগও ৩টি ইউনিট কমিটি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
পর্যায়ক্রমে সবগুলো ইউনিট কমিটি গঠন করা হবে বলে জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জেলা ছাত্রলীগের অধীনে থাকা সব উপজেলা ও কলেজে ছাত্রলীগকে সুসংগঠিত করতে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে কমিটি গঠন করার কাজ চলছে। জেলার অধীনে ৩০টি ইউনিট কমিটির মধ্যে ১৩টি উপজেলা ৫টি পৌরসভা ও ১২টি কলেজ রয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগেই সবগুলো কমিটি সম্পন্ন করা হবে। এর বাইরেও আরো নতুন কিছু কলেজ এমপিওভুক্ত হয়েছে, সেগুলোও আওতায় আনতে কথাবার্তা চলছে। এছাড়া জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী এক মাসের মধ্যে করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ২০১৭ সালে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছিল। ওখানে কমিটি ২টি কমিটি ছিল। কিন্তু কোনো কার্যক্রম ছিল না। যে কারণে প্রকৃত ছাত্রদের দিয়ে নতুন কমিটি দেওয়া হয়েছে। নেতৃত্বে আসা ছাত্রলীগ নেতারা শুক্রবার রাতেই বিজয় মিছিল করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়।
সিলেটে ক্ষমতাসীন দলের মূল সংগঠন আওয়ামী লীগও ছাত্রলীগের কার্যক্রমগুলো পর্যবেক্ষণে রেখেছে জানিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ছাত্রলীগের নতুন কমিটি কার্যক্রম আমাদের পর্যবেক্ষণে রয়েছে। ইউনিট কমিটিগুলো করার বিষয়ে সবার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। তাতে কমিটিগুলো আরো সমৃদ্ধ হবে।