৪ জুন ২০১৮


নগর ভবনে হকারদের হামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজারে সুরমা পয়েন্টে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হকারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় নগর ভবনেও হামলা করে বিক্ষোব্দ হকাররা।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্দরবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল হকাররা। সিটি করপোরেশনের কর্মচারীরা ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিতে গেলে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আর এর পর পরই হকার্স সমিতির নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকারদের একটি দল নগর ভবনে হামলা করে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মহানগর হকার লীগ সভাপতি আব্দুর রকিবের নেতৃত্বে শতাধিক হকার সিটি করপোরেশনে হামলা চালায়। এ সময় মেয়র আরিফ নগর ভবনে নিজের দপ্তরে ছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি এ সময় বাইরে বেরিয়ে আসলে শ্রমিকরা তাঁকে লক্ষ করেও ইটপাটকেল ছুড়তে থাকে। পরে হকাররা বন্দরবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

তবে হকার্স লীগ নেতা আব্দুর রকিব অভিযোগ করেছেন, সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছে।

এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া দিয়ে হকারদের সুরমা পয়েন্টে নিয়ে আসে। এখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সিটি মেয়র আরিফের নেতৃত্বে সিসিক কর্মকর্তা-কর্মচারীরা বন্দরবাজারে শোডাউন দেন। ঘটনার সময় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

এর পর বিকেল সাড়ে ৫টার দিকে নগর ভবনে জরুরী সংবাদ সম্মেলন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সিসিকের কর্মচারীরা ফুটপাতে না বসতে হকারদের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে তাদেরকে প্রতিহত করি আমরা।

মেয়র আরো বলেন, হকাররা নগরবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে মানুষ ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছে না। এ অবস্থা তো চলতে পারে না। নগরবাসীর স্বার্থে আমরা যা করার তা করবো।

(আজকের সিলেট/৪ জুন/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন