৩ জুন ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয় ৭০০ টাকা ফি এর পরিবর্তে ১০ হাজার টাকা জরিমানার বিজ্ঞপ্তি পেশ করার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে ধর্মঘট পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজে অনার্স ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়।
রোববার দুপুর ১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে করে সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থী আসাদ মনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য, মলয় চন্দ্র কর, মনির হোসেন দুর্জয়, শাহ কামাল সাজু, শাহ জামাল, সাকিব আহমেদ, ইদ্রিছ, রাজিয়া, সুলতানা, স্বর্নালী, ইয়াসমিন, রুমা প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ধরণের পরিহাস শুরু হয়েছে, তা শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দেবার জন্য। যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না।
(আজকের সিলেট/৩ জুন/ডি/এসটি/ঘ.)