৫ নভেম্বর ২০২৩
কোম্পানীগ প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় বিভিন্ন ভাতা ও নানা সুযোগ-সুবিধা পাচ্ছে দেশের মানুষ। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধীরা ভাতা পাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। রোববার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সরকারের বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে সব ভাতা বন্ধ হয়ে যাবে। ৯৬ সালে শেখ হাসিনার চালু করা অনেক প্রকল্প বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। তাই সাধারণ মানুষের উন্নয়ন এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির মছব্বির, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে মন্ত্রী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন অনুদান প্রদান করেন। পরে তিনি সাদা পাথর হোটেল এন্ড রিসোর্টে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে সকালে ইমরান আহমদ কারিগরি কলেজের নির্মাণাধীন ভবন এবং মুজিব কেল্লা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। আরএইচডি-কোম্পানীগঞ্জ-হাজী হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।