১৯ মে ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এমি বেগম (২০) নামের একজন তরুণী নিহত ও শিশু সহ আরো ৩ জন পথচারী গুরুতর আহত হয়েছেন। নিহত এমি বেগম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নওয়াগাও গ্রামের জুরু মিয়ার মেয়ে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হেতিমগঞ্জ কায়স্থগ্রাম নয়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- আতাউর রহমানের মেয়ে জেনি আক্তার (২৪) ও সুমাইয়া আক্তার (৬), তুরন মিয়ার পুত্র তাউহিদ আহমদ (৫) তাদের মধ্যে সুমাইয়া আক্তারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রামের নয়া মসজিদের সামনে সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৫৫৯৩) পেছন থেকে সিএনজি অটোরিকশাকে (সিলেট-ট-১২-৪৩০০) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাস্তার পাশে থাকা এমি বেগম নিহত হন। গুরুতর আহত হন আরো ৩ জন পথচারী।
প্রত্যক্ষদর্শী সূত্র আরো জানা যায়, প্রাইভেটকার ও অটোরিকশাটি বেপরোয়া গতিতে সিলেটে শহরের দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে ভর্তি করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি জানান, এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশাকে আটক করা হয়েছে। তবে দুইটি গাড়িরই চালককে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
(আজকের সিলেট/১৯ মে/এসটি/ঘ.)