১৫ নভেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট জহুরুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। জহুরুল ইসলাম সিরাজের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার তালতলার বাজারের আজিজপুর গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট নগরের শাহজালাল উপশহরের ডি ব্লকের একটি বাসায় বসবাস করতেন।
সোমবার বিকেল ৩টায় নগরের তেলিহাওরস্থ বেসরকারি পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে অ্যাডভোকেট জহুরুল ইসলাম সিলেট জেলা বারের ২ নম্বর বার হলে নিজ চেম্বারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী আইনজীবীরা হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট জহুরুল ইসলাম জোহরের নামাজ কোর্ট মসজিদে আদায় করে চেম্বারে আসার পর বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।