২৪ মে ২০১৮
মুহাম্মদ মনজুর হোসেন খান : আজ বৃহস্পতিবার রমজান রহমতের ঝর্ণাধারার ৭ম দিন। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসার, যা কখনও ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দান করবেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।’ (সূরা ফাতির : ২৯-৩০)। আল্লাহর কিতাব অধ্যয়ন দুই প্রকার।
প্রথমত, শাব্দিক তিলাওয়াতÑ আল কোরআন পাঠ করা। এর ফজিলতের ব্যাপারে কোরআন ও সুন্নাহে অনেক দলিল-প্রমাণ রয়েছে। যেমন বোখারি ও মুসলিমে কোরআন পাঠ অন্যতম রয়েছে, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যিনি কোরআন মজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন।’ অনুরূপভাবে বোখারি ও মুসলিমে রয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল কোরআনে দক্ষ ও প-িত ব্যক্তিরা সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সঙ্গে থাকবেন। যে ব্যক্তি কোরআন আটকে আটকে তিলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দুইটি প্রতিদান রয়েছে।’ সহিহ মুসলিমে আরও বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা কোরআন তিলাওয়াত কর। কেননা কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যে ব্যক্তি কোরআনের একটি হরফ (অক্ষর) পাঠ করবে, তাকে একটি নেকি প্রদান করা হবে। আর প্রতিটি নেকি ১০ গুণ বৃদ্ধি করা হবে। আমি বলি না যে, আলিফ-লাম-মিম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ।’ (তিরমিজি : ২৯১০)। দ্বিতীয়ত, হুকমি তিলাওয়াত বা প্রায়োগিক পঠনÑ অর্থাৎ আল্লাহর কথাকে বিশ্বাস করা, তাঁর নির্দেশ মেনে নিয়ে তাঁর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বর্জন করে কিতাব তথা আল কোরআনের সব হুকুম-আহকাম বাস্তবায়ন করা। অর্থাৎ কোরআনের বিধানকে তেলাওয়াত করা। আর তার অর্থ হচ্ছে, কোরআন প্রদত্ত যাবতীয় সংবাদকে আন্তরিকভাবে বিশ্বাস করা, সব আদিষ্ট বিষয় পালন ও নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করার মাধ্যমে তার বিধানাবলি মেনে নেয়া। বস্তুত এ প্রকারই হচ্ছে কোরআন নাজিলের বৃহত্তম লক্ষ্য। যেমনÑ আল্লাহ তায়ালা বলেন, ‘আমরা আপনার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে।’ (সূরা সোয়াদ : ২৯)।
এজন্য সালাফে সালেহিন (রহ.) কোরআন তিলাওয়াতের এ পদ্ধতির ওপর চলে কোরআন শিক্ষা করেছেন। এর ওপর বিশ্বাস স্থাপন করেছেন এবং মজবুত আকিদা-বিশ্বাসের ওপর ভিত্তি করে এর যাবতীয় বিধানকে ইতিবাচক ধারায় বাস্তবায়িত করেছেন। আবু আবদুর রহমান আসসুলামি (রহ.) বলেন, ‘উসমান ইবন আফ্ফান, আবদুল্লাহ ইবন মাসউদ প্রমুখ যারা আমাদের কোরআন শিক্ষা দিতেন তারা বলেছেন, তারা যখন রাসুলুল্লাহ (সা.) থেকে ১০টি আয়াত শিখতেন। যতক্ষণ পর্যন্ত তা ভালোভাবে না শিখতেন ও তাতে যেসব জ্ঞান ও আমল করার কথা রয়েছে তা বাস্তবায়ন না করতেন, ততক্ষণ পর্যন্ত সামনে অগ্রসর হতেন না। তারা বলেন, আমরা এভাবেই কোরআন, জ্ঞান ও আমল সবই শিখেছি।’ (তাফসিরে তাবারি)।
আর এটাই হলো কোরআন তিলাওয়াতের ওই প্রকার, যার ওপর সৌভাগ্য ও দুর্ভাগ্য নির্ভর করে। আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে, সে বিপথগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাব অন্ধ অবস্থায়। সে বলবে, ‘হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তিসম্পন্ন? তিনি বলবেন, ‘এভাবেই তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে, যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনে ঈমান আনে না। আর আখিরাতের আজাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী।’ (সূরা ত্বহা : ১২৩-১২৭)।