২৪ জুলাই ২০১৭
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিখোঁজের তিন দিন পর মামুন মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের নূর আহমদের ছেলে।
সোমবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২১ জুলাই নিখোঁজ হন মামুন।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ২১ জুলাই মামুন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকালে মামুনের বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, দুই-তিনদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি হত্যা কি না তদন্ত করে দেখা হচ্ছে।
(আজকের সিলেট/২৪ জুলাই/ডি/এমকে/ঘ.)