১৫ জুন ২০২০
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন রেড জোনের মধ্যে পড়ায় লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। লকডাউনকৃত ইউনিয়নগুলো হচ্ছে- জয়কলস, পশ্চিম পাগলা ও পূর্ব পাগলা। সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ফেসবুক পেইজে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুন (মঙ্গলবার) থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, পশ্চিম পাগলা ও পূর্ব পাগলা ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনকৃত এলাকায় নিত্যপণ্যের দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে। রেড জোন এলাকায় কোনোরূপ যানবাহন চলাচল করবে না। এ আদেশ অমান্যকারীদের বিরোদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুসিয়ারিও দেওয়া হয়েছে ইউএনও’র বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, সরকারের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী রেড, ইয়লো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে সমস্ত দেশকে। গত ১৪ দিনে কোনো এলাকায় আক্রান্তের সংখ্যা প্রতি লাখে ১০ জন বা তার উপরে হলে সে এলাকাকে রেড জোন চিহ্নিত করে লকডাউনের ঘোষণা দেয় সরকার। প্রায় ৪৩ হাজার জনসংখ্যা নিয়ে গত ১৪ দিনে জয়কলস ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন, প্রায় ২৮ হাজার জনসংখ্যা নিয়ে গত ১৪ দিনে পূর্ব পাগলা ইউনিয়নে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন ও একই সময়ের ভিতরে পশ্চিম পাগলা ইউনিয়নে প্রায় ২১ হাজার জনসংখ্যা নিয়ে আক্রান্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ জন। আনুপাতিক হিসাবে উপজেলার এ তিনটি ইউনিয়ন রেড জোনে পড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।