৩ মে ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিএমএম আদালতে এই ঘটনাটি ঘটে।
আদালতে উপস্থিত আইনজীবীসহ একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে শংকুরানী সরকার নামের এক নারী আদালতের ভিতরে বসা ছিলেন। তখন আদালতের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আদালত কক্ষ থেকে বাহিরে গিয়ে অপেক্ষা করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শংকুরানী নিজেকে একজন কর আইনজীবী, মানবাধিকার কর্মী ও আওয়ামী লীগ নেত্রী দাবি করে হইহুল্লা শুরু করেন।
এক পর্যায়ে এডভোকেট প্রবাল চৌধুরী পূজনসহ অন্যান্য আইনজীবীদের সাথেও বাক বিতণ্ডায় জড়ান ওই নারী। পরবর্তীতে তিনি আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় পুলিশসহ অন্যান্যদের অকত্য ভাষায় গালিগালাজ করে মারমুখী আচরণ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার আকস্মিকতায় আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করেন।
মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
(আজকের সিলেট/৩ মে/ডি/এসিসি/ঘ.)