২৬ এপ্রিল ২০১৮
কানাইঘাট প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফারুক আহমদ (৫০) ওই এলাকার মাসুদ আহমদের ছেলে।
বৃহস্পতিবার সকালে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে স্থানীয় ফরিদ আহমদের সঙ্গে একই গ্রামের ফখরুল ইসলামের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে ফখরুল ও তার লোকজন কলাগাছ রোপণ করতে গেলে ফারুকের অনুসারীদের সঙ্গে কথা তাদের কাটাকাটি শুরু হয়।
“এক পর্যায়ে ফখরুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ফরিদের অনুসারী ফারুক আহত হন।তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় ফখরুলকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
(আজকের সিলেট/২৬ এপ্রিল/ডি/এসটি/ঘ.)